নরসিংদীতে চাঁদাবাজি করার সময় দুই ভুয়া পুলিশ গ্রেপ্তার
নরসিংদীর শিবপুর উপজেলা থেকে দুই ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিবপুরের সৃষ্টিগড় এলাকায় চাঁদাবাজি করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় দুটি হাতকড়া, পুলিশের পোশাক পরিহিত দুটি পরিচয়পত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশা। গ্রেপ্তার দুজন হলেন: দিনাজপুরের বিরল এলাকার ইউসুফ আলীর ছেলে রাসেল ইসলাম ওরফে আবদুল আজিজ (৩৫) এবং নওগাঁর কুটনিতলা এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে তাইফুল ইসলাম। স্থানীয় বাসিন্দারা জানান, গত বছরের ডিসেম্বর মাসে ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিগড় এলাকায় রাসেল ও তাইফুল র্যাব পরিচয়ে স্থানীয় খোকন মিয়ার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যান। গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ পরিচয়ে তাঁরা দুজনই সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় একটি মুদি দোকান থেকে চাঁদা ওঠাচ্ছিলেন। এ সময় খোকন মিয়া তাঁদের চিনে ফেলেন। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে তিনি ওই দুজনের পরিচয় জানতে চান। তাঁরা পুলিশের পোশাক পরিহিত পরিচয়পত্র এবং দুটি হাতকড়া দেখান। সন্দেহ হলে শিবপুর মডেল থানায় খবর দেওয়া হয়।শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আল জালাল বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ, র্যাব পরিচয়ে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।