নরসিংদীতে চাচাতো ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ
নরসিংদীর বেলাব উপজেলায় সেনাবাহিনীর কর্মচারী শওকত আলী (৪৫) জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তাঁর চাচাতো ভাইকে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ শওকত সেনাবাহিনীর ১৬ ইসিবি প্রকৌশলী ব্যাটালিয়নে ম্যাচ ওয়েটার (আবাসিক হোস্টেলের কর্মচারী) হিসেবে কাজ করেন৷ গত শনিবার রাতে এ ঘটনা ঘটে৷
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার হানিয়াবাইদ গ্রামের বাসিন্দা শওকতের সঙ্গে চাচাতো ভাই ক্ষুদ্র ব্যবসায়ী ছোলাইমান হোসেনের জমি নিয়ে বিরোধ ছিল৷ এরই জের ধরে গত বছর শওকত হত্যার হুমকি দেওয়ায় ছোলাইমান বেলাব থানায় একটি সাধারণ ডায়েির (জিডি) ও আদালতে মামলা করেন। এতে পুলিশ শওকতকে গ্রেপ্তার করে এবং আদালতের নির্দেশে তিনি একদিন কারাভোগও করেন৷ এরপর দুই পক্ষের বিরোধ আরও তীব্র হয়৷ গত শনিবার রাতে ছোলাইমান ঢাকা থেকে বাড়িতে ফেরার পথে বাড়িসংলগ্ন সড়কে তাঁকে কুপিয়ে জখম করেন শওকতের লোকজন। পরে আশপাশের লোকজন ছুটে এসে ছোলাইমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে৷
বেলাব থানার ওসি বদরুল আলম বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শওকতের লোকজনই ছোলাইমানকে কুপিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে৷