নরসিংদীতে চার খুনের ঘটনায় চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের চারজনকে খুনের ঘটনায় চারজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অন্য সাত আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন সাজা পাওয়া চার আসামির প্রত্যেককেই ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেন আদালত। আজ সোমবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহম্মেদ এই রায় দেন। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: আল আমিন, শাহীন মিয়া, কালা মিয়া ওরফে কালাচান ডাকাত ও অলেখ ওরফে অলেখ চান। এদের মধ্যে অলেখ চান বাদে অন্যরা পলাতক। দশ বছর সশ্রম কারাদণ্ড পাওয়া সাতজন আসামির মধ্যে মোবারক নামের একজন পলাতক। বাকিরা কারাগারে আছেন।
রায়ে বলা হয়, পলাতক আসামি গ্রেপ্তার অথবা আত্মসমর্পণের তারিখ থেকে সাজার মেয়াদ গণনা শুরু হবে। আর কারাগারে আটক আসামিদের গ্রেপ্তারের তারিখ থেকে সাজার মেয়াদ গণনা হবে।
মামলার বিবরণে জানা যায়, মামলার বাদী নরসিংদীর রায়পুরা থানাধীন মুসাপুর গ্রামের বাসিন্দা শামসুদ্দিন মোল্লার সঙ্গে একই এলাকার আল আমিনের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ২০০৬ সালের ২৭ নভেম্বর পূর্বপরিকল্পিতভাবে ঘরে ঢুকে শামসুদ্দিনের দুই মেয়ে রোমানা ও রুনা এবং রোমানার শিশু সন্তান অর্নব ও রুনার শিশু সন্তান বর্ণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় শামসুদ্দিন রায়পুরা থানায় মামলা করেন।
২০১১ সালের ৪ জুন ১১ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বছরের ১৩ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষÿ৬১ জনের মধ্যে ২৯ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা ছিলেন মাহবুবুর রহমান। আসামি পক্ষে ছিলেন আইনজীবী সালেহা বেগম, জসিম উদ্দিন ও মাহাবুব আহম্মেদ।
প্রসঙ্গত, এ ঘটনায় রনি মিয়া নামের এক আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়া তাঁর বিরুদ্ধে শিশু আইনে পৃথক অভিযোগপত্র দেওয়া হয়। নরসিংদীর কিশোর আদালতে তার বিচার চলছে।