নরসিংদীতে চার দিনে ২০ বাড়িতে ডাকাতি
নরসিংদীতে গত চার দিনে কমপক্ষে ২০টি বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের হামলায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।ডাকাতির শিকার হওয়া পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের রমেশ বর্মণের বাড়িতে ডাকাতি হয়। এ সময় ডাকাতেরা ২৫ ভরি স্বর্ণালংকারসহ নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়। একই রাতে উপজেলার শেরপুর, ভরতেরকান্দি, জঙ্গিশিবপুর ও সাধারচর এলাকার চারটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে একই উপজেলার পুটিয়া ইউনিয়নের সৈয়দনগর দড়িপাড়া গ্রামের মোক্তার হোসেন এবং কামারগাঁও গ্রামের জহির ও ইউনুস মিয়ার বাড়িতে ডাকাতি হয়। এ ছাড়া গত মঙ্গল ও বুধবার জেলার বিভিন্ন উপজেলায় বেশ কয়েকটি বাড়ি থেকে ডাকাতেরা বিপুল পরিমাণ মালামাল লুট করে।শিবপুর মডেল থানার ওসি মুজিবুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে থানায় পুলিশের সংখ্যা কম থাকায় ডাকাতি বেড়েছে। নরসিংদীর পুলিশ সুপার আক্কাস উদ্দিন বলেন, কয়েক মাসে দুই শতাধিক ডাকাত কারাগার থেকে জামিনে বের হওয়ায় ডাকাতির ঘটনা বাড়ছে।