নরসিংদীতে ছাত্র হত্যার ঘটনায় মামলা, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী শহরের ব্রাহ্মন্দী খালপাড় এলাকায় স্কুলছাত্র পারভেজ মিয়া (১৩) হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে নিহত ছাত্রের বাবা আবদুস সাত্তার বাদী হয়ে মামলাটি করেন। পারভেজ নরসিংদী আইডিয়াল হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
গতকাল পারভেজের লাশ নরসিংদী আইডিয়াল হাইস্কুল মাঠে নিয়ে গেলে শিক্ষক ও সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে। পরে বেলা দুইটায় বিদ্যালয় মাঠে প্রথম জানাজা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরের খাবারের (টিফিন) বিরতির সময় পারভেজ ও তার সহপাঠী নুরুল আমিনকে পশ্চিম ব্রাহ্মন্দী খালপাড় এলাকায় ডেকে নিয়ে যায় আরিফুল ইসলাম, রোমান মিয়াসহ কয়েকজন সহপাঠী। সেখানে তারা পারভেজ ও নুরুলকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে আহত করে পাশে খালের পানিতে ফেলে দেয়। এতে পারভেজ নিহত ও নুরুল গুরুতর আহত হয়।
গতকাল বিদ্যালয় মাঠে প্রথম জানাজা শেষে লাশ পারভেজের গ্রামের বাড়ি রায়পুরা উপজেলার নজরপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।