নরসিংদীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন কাদের ওরফে মাহিনকে (২৭) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলার শিবপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী বন বিভাগ এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে শাহিন। তিনি নরসিংদী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শেষ বর্ষের ছাত্র।
নিহত শাহিনের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে শিবপুরের পুটিয়া বাজারের বিকাশ এজেন্ট জাকির হোসেনের দোকান থেকে অজ্ঞাত এক ব্যক্তি চাঁদপুরে ২৫ হাজার টাকা পাঠান। কিন্তু নির্দিষ্ট জায়গায় টাকা না যাওয়ায় ওই ব্যক্তি টাকা ফেরত চান। কিন্তু জাকির টাকা ফেরত না দিয়ে উল্টো বকাঝকা করে ওই ব্যক্তিকে দোকান থেকে বের করে দেন।
এ ঘটনায় দুপুরে শাহিনের কাছে বিচার দেন সেই লোকটি। পরে বিকেলে পুটিয়া বাজারের আবদুল কাদের মার্কেটে শাহিনের নিজ কার্যালয়ে সালিস বৈঠক বসে। বৈঠকে জাকিরের কাছ থেকে টাকা আদায় করে দেন শাহিন। এতে ক্ষুব্ধ হয়ে জাকির বিষয়টি আইয়ুবপুর ইউনিয়নের বংশিরদিয়া এলাকার আবির হোসেন ও মো. আলামিন ওরফে টাইগার আলামিনকে জানান। তাঁরা সেই ব্যক্তিকে তাঁদের হাতে তুলে দিতে বলেন। এ নিয়ে বিকেল পাঁচটার দিকে তাঁদের সঙ্গে শাহিনের কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহিন তাঁর দুই সহযোগীকে নিয়ে ত্রিমোহনী মোড়ে এলে আবির ও আলামিনসহ ৮-১০ জনের একটি দল হামলা চালিয়ে শাহিনকে কুপিয়ে আহত করে। এতে বাধা দিতে গেলে শাহিনের সঙ্গে থাকা সাফিজ উদ্দিন ও শাকিল আহমেদকেও পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে শাহিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শহীদুল ইসলাম বলেন, শাহিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁর মাথায় একটি কোপের চিহ্ন রয়েছে।
হাসপাতালে নিহত শাহিনের ছোট বোন ফারজানা আক্তার বলেন, ‘আমার বাবা সব সময় সালিস-বিচার করত। বাবা মারা যাওয়ার পর ভাইয়াকে মানুষ ডাকে। এখন মানুষের কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে আমার ভাইকে মরতে হলো।’
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছেন এমন কয়েকজনের নাম পাওয়া গেছে। কিন্তু তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।