নরসিংদীতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা, মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালত ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের এক নেতাসহ এলাকাবাসীকে আসামি করে মামলা হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন নরসিংদী আঞ্চলিক বিতরণ কার্যালয়ের সহকারী কর্মকর্তা উকিল উদ্দিন গত বুধবার রাতে এ মামলা করেন।
নাম উল্লেখ করা চার আসামির মধ্যে রয়েছেন ঘোড়াশাল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির মোল্লা ও জেলা বঙ্গবন্ধু যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন।
এদিকে সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ও অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাংবাদিকেরা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন তাঁরা। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোখলেসুর রহমানের আশ্বাসে কর্মসূচি শেষ করা হয়।
বেলা দুইটার দিকে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ও পৌরসভার মেয়র কামরুজ্জামান আহত সাংবাদিকদের দেখতে নরসিংদী জেলা হাসপাতালে যান। এ সময় জেলা প্রশাসক ব্যক্তিগত তহবিল থেকে সাংবাদিকদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য দেন।
পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মেয়র কামরুজ্জামান বলেন, সাংবাদিকদের ওপর এ হামলা নরসিংদীর ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।
গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাটপাড়া এলাকায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে যান ভ্রাম্যমাণ আদালত। তখন মনির মোল্লা ও সজিব হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী (অবৈধ গ্যাস-সংযোগদানকারী চক্রের দালাল) ও এলাকাবাসী মিলে প্রথমে ভ্রাম্যমাণ আদালত ও পরে সাংবাদিকদের ওপর হামলা চালান। এতে তিন সাংবাদিকসহ কয়েকজন আনসার সদস্য আহত হন।