নরসিংদীতে ছাত্রলীগের নেতাকে কুপিয়ে হত্যা, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. কামরুজ্জামান খুন হয়েছেন। গত রোববার শহরের পশ্চিম দত্তপাড়া এলাকায় নিজ বাড়ির কাছে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় গতকাল সোমবার নিহতের বড় বোন শাহীনূর বেগম মামলা করেছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাবন মিয়া ও আঙ্গুর মিয়া নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহতের পরিবারের অভিযোগ, দত্তপাড়ায় মাদক ব্যবসায়ীরা খুবই সক্রিয়। কামরুজ্জামান মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেন। এ কারণে স্থানীয় একটি প্রভাবশালী মহলের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। বিরোধের কারণে বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে তাঁকে হয়রানি করা হয়েছে। রোববার সন্ধ্যার পর থেকে কামরুজ্জামান স্থানীয় বাজারে ছিলেন। বাজার থেকে রাত ১১টার দিকে পশ্চিম দত্তপাড়া এলাকা পৌঁছামাত্র স্থানীয় কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।জেলা ছাত্রলীগের সভাপতি শাহ আলম জানান, কামরুজ্জামান জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি বিভিন্ন সময় নিজ মহল্লায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। মহল্লায় তাঁর প্রচুর শত্রু ছিল।তবে গ্রেপ্তার হওয়া বাবন ও আঙ্গুর সাংবাদিকদের কাছে দাবি করেন, তাঁরা এ খুনের সঙ্গে জড়িত নন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, কামরুজ্জামানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের তালিকায় তিনি সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে থানায় একটি জোড়া খুনসহ তিনটি খুন, পুলিশ লাঞ্ছিত করাসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে।