নরসিংদীতে ছয় দিনে দুই খুন, তিন লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে আজ শুক্রবার সকালে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল সাড়ে নয়টার দিকে বেলাব উপজেলার ধুকুন্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

এ নিয়ে গত ছয় দিনে নরসিংদীতে তিনটি লাশ উদ্ধার ও দুটি খুনের ঘটনা ঘটল।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, সকালে মহাসড়কের পাশে একটি গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি কোনো হত্যাকাণ্ড নয়, আত্মহত্যা। কারণ হত্যার কোনো আলামত নিহত ব্যক্তির শরীরে পাওয়া যায়নি। শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্নও নেই।

গতকাল বৃহস্পতিবার নরসিংদীর সদর উপজেলার পশ্চিম কান্দাপাড়া শিউলিবাগ বিদ্যাপীঠের সামনে মো. মামুন মিয়া (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। মামুন মিয়া শহরের পশ্চিম কান্দাপাড়া মহল্লার মৃত শাহজাহান মিয়ার ছেলে।

মামুনের পরিবার ও পুলিশ জানায়, শহরের পশ্চিম কান্দাপাড়া মহল্লার মো. নাজিরের সঙ্গে একই এলাকার ইট ও বালু ব্যবসায়ী মো. মামুনের জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে এর আগে একটি মামলায় নাজিরের বিরুদ্ধে মামুন আদালতে সাক্ষ্য দিলে নাজির মামুনকে কুপিয়ে গুরুতর আহত করে। গতকাল বেলা ১১টার দিকে মামুন পশ্চিম কান্দাপাড়ায় নিজ বাসা থেকে বের হয়ে শিউলিবাগ বিদ্যাপীঠের সামনে পৌঁছালে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

ভোর ছয়টায় ভাটপাড়া গ্রামে জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত শাহাদাত্ হোসেন নামের এক যুবক ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন বলে নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। তিনি জানান, নিহত মামুন ও অভিযুক্ত নাজির দুজনই সন্ত্রাসী। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। শাহাদাত্ হোসেন সদর উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা।

এর আগে গত রোববার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার সীমান্তবর্তী এলাকা মাহমুদাবাদ গ্রামে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি বালুর চক থেকে ইকবাল মিয়া (২৭) ও মো. জনি মিয়া (২৫) নামের দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ব্যাপারে নরসিংদীর সহকারী পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘খুন বা লাশ উদ্ধারের সব ঘটনাই আলাদা। আর একেকটা একেক জায়গায়। একটার সঙ্গে আরেকটার কোনো সম্পৃক্ততা নেই। আমরা সবগুলো ঘটনাই ডিটেক্ট করে ফেলেছি।’