নরসিংদীতে ছয় ভুয়া দাখিল পরীক্ষার্থীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে দাখিল পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী সেজে অংশ নেওয়ায় ছয়জনকে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক বছর করে কারা দণ্ডাদেশ দেন।শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, খামার শিমুলিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে গিয়ে কেন্দ্রসচিব মো. মঞ্জুর হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলাল উদ্দিন ছয়জন ভুয়া পরীক্ষার্থী শনাক্ত করেন। এঁরা হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দুপল্লা গ্রামের মোহাম্মদ আলী (২০), হাজীগঞ্জের মো. রুহুল কুদ্দুস (১৯), ঢাকার কদমতলী থানার রহমতবাগ এলাকার ইমাম হোসাইন (২০) ও মো. ওমর সানী (১৮), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পিয়ারা গ্রামের মো. ইহসান (১৮) ও ফরিদপুরের সদরপুর উপজেলার ইব্রাহিম মুন্সিরকান্দি গ্রামের মো. লোকমান হোসাইন (১৯)। তাঁরা প্রত্যেকে শিবপুর উপজেলার খামার শিমুলিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র পরিচয়ে পরীক্ষা দিচ্ছিলেন। সন্ধ্যায় থানায় তাঁরা দোষ স্বীকার করেন। সাজা পাওয়া ছয়জনের ভাষ্য, শিবপুরের দুলালপুর গ্রামের সফিকুল ইসলাম নামের এক ব্যক্তি তাঁর কোচিং সেন্টারের মাধ্যমে তাঁদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন। ওই কোচিংয়ে ভর্তি হলে পরীক্ষায় পাসের নিশ্চয়তা দেওয়া হয়। এ জন্য তাঁরা প্রত্যেকে সফিকুলকে ১৫ থেকে ২০ হাজার টাকা দেন। পরে প্রবেশপত্র পেয়ে দেখেন, খামার শিমুলিয়া ফাজিল মাদ্রাসার বিভিন্ন ছাত্রের নামের ওপর তাঁদের ছবি বসানো হয়েছে। ইউএনও জানান, অপরাধ স্বীকারের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের সাজা দেওয়া হয়।শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার বলেন, গতকাল সাজা পাওয়া ব্যক্তিদের নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়েছে। খামার শিমুলিয়া দাখিল মাদ্রাসা সুপার মুকুল উদ্দিন ও সফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।