নরসিংদীতে জামা কিনতে গিয়ে দুই শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে নানার সঙ্গে ঈদের জামা কিনতে বের হয়ে দুই শিশু নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তারা। গুরুতর আহত হয়েছেন তাদের নানাও। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সাধারচর ইউনিয়নের বরজের কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে নারায়ণগঞ্জে গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ মারা গেছেন দুজন।
শিবপুর উপজেলায় নিহত দুই শিশু হচ্ছে দুলালপুর ইউনিয়নের পাড়াতলা গ্রামের খোকন শেখের বড় মেয়ে রোকেয়া আক্তার (১৩) ও ছোট মেয়ে সামিয়া আক্তার (৬)। রোকেয়া স্থানীয় পাড়াতলা উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণি ও সামিয়া পাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশু দুটির নানা উপজেলার পুটিয়া ইউনিয়েনের মুনসেফেরচর এলাকার লসকর মিয়া (৬০)।
পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে লসকর মিয়া দুই নাতিকে নিয়ে তাঁদের জন্য ঈদের পোশাক কিনতে পাড়াতলা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চরসিন্ধুর বাজারের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি বরজের কান্দি এলাকায় পৌঁছালে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সামিয়া মারা যায়। লোকজন গুরুতর আহত লসকর মিয়া ও তাঁর বড় নাতিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে রোকেয়া মারা যায়। লসকর মিয়াকে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে পরে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা নিহত শিশু দুটির বাড়িতে যান।
শিবপুর থানার ওসি ঈমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী ও ছনপাড়া এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটেছে।
এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন বলেন, গতকাল ভোরে মহাসড়কের পাঁচরুখী এলাকায় আখাউড়াগামী কাঠবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে কাঠবোঝাই ট্রাকটি পাশের খাদে পড়ে চালকের সহকারী খোকন (৩০) নিহত হন। অপর ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়। খোকনের বাড়ি মাদারীপুর জেলায়।
সকাল নয়টায় মহাসড়কের ছনপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাসের চাপায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে যান।
ওসি আলমগীর হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।