নরসিংদীতে জামায়াতের আরও ৮ কর্মী গ্রেপ্তার
নরসিংদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দলটির আরও আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হলো। পুলিশ জানায়, জামায়াতের শীর্ষস্থানীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তাঁদের সহযোগীরা শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে—এই খবরে মঙ্গলবার রাতব্যাপী অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন, শেখ আবদুল মালেক, রবি উল্লাহ, আশরাফ উদ্দিন, সামসুল হক, রিপন মিয়া ও আজিজুর রহমান খান।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। নরসিংদী মুখ্য বিচারিক হাকিম আদালতে তাঁদের হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আদালত আগামী সোমবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখা গত মঙ্গলবার সন্ধ্যায় শহরে মিছিল বের করে। এতে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে পুলিশসহ ৩৮ জন আহত হন। গ্রেপ্তার করা হয় ৩২ জনকে।