নরসিংদীতে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ
নরসিংদী জেলা জামায়াতের প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ভাঙচুর করে আগুন দিয়েছে কয়েকজন লোক। ছাত্রলীগের সাবেক এক নেতার নেতৃত্বে কার্যালয়টিতে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক এস এম কাইয়ুমের নেতৃত্বে কয়েকজন লোক শহরের ব্রাহ্মন্দীতে অবস্থিত জামায়াতের কার্যালয়ে গতকাল রাত সাড়ে ১০টার দিকে অগ্নিসংযোগ করেন। এরপর অগ্নিসংযোগকারীরা মিছিল শুরু করেন। তাঁরা জামায়াতবিরোধী স্লোগান দিতে দিতে পশ্চিমকান্দা পাড়ার দিকে যান। এ এলাকায়ই জেলা আওয়ামী লীগের কার্যালয় অবস্থিত। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এসে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।এ ব্যাপারে জানতে চাইলে এস এম কাইয়ুম প্রথম আলোকে বলেন, জামায়াত-শিবির বেপরোয়া হয়ে উঠেছে। তারা পুলিশের ওপর হামলার পর ছাত্রলীগের নেতার ওপর হামলা চালিয়ে রগ কেটে দিয়েছে। এর প্রতিবাদে নরসিংদীর ছাত্র-জনতা ফুঁসে উঠেছে। ক্ষুব্ধ ছাত্র-জনতাই জামায়াতের কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে।এ ব্যাপারে গতকাল রাতে যোগাযোগের চেষ্টা করে নরসিংদী জেলা জামায়াতের আমির আ ফ ম আবদুস ছাত্তারের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান রাত সোয়া ১১টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি, কার্যালয়টি পুড়ে গেছে। কারা, কেন অগ্নিসংযোগ করেছে, তা এখনো বলতে পারছি না। ঘটনাটি তদন্ত করে দেখা হবে।’