নরসিংদীতে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে এক ব্যবসায়ীর (৫০) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

নিহতের পরিবারের কয়েকজন সদস্য জানান, কাপড়ের ব্যবসায়ী ওই ব্যক্তি সাত–আট দিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলন। মৃত্যুর দুই দিন আগে থেকে তিনি প্রচণ্ড শ্বাসকষ্ট ও ঠান্ডায় আক্রান্ত হন। বুধবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সন্ধ্যার দিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত আটটার দিকে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তাঁর সৎকারে কোনো আত্মীয়স্বজন বা স্থানীয় লোকজন কেউ এগিয়ে আসেননি। খবর পেয়ে জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম গভীর রাতে শহরের দত্তপাড়ায় মেঘনা নদীর তীরে শ্মশানে স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করে।

এদিকে নরসিংদীর রায়পুরার বাসিন্দা (৬০) এক ব্যক্তি গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মারা যাওয়া ব্যক্তি উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ ফারুক জানান, গত ৬ জুন ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। তবে তাঁর নমুনা পরীক্ষার ফলাফল এখনো তাঁদের হাতে আসেনি।