টাকা দিতে দেরি করায় নরসিংদীর মনোহরদীতে মাছ ব্যবসায়ী আবদুল জব্বারকে (৪৫) খুন করে ডাকাতেরা। ঘটনার সঙ্গে জড়িত চার ডাকাত গত বৃহস্পতিবার নরসিংদীর আদালতে ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাতের কাছে দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেন। জবানবন্দি শেষে চার ডাকাতকে জেলহাজতে পাঠানো হয়। মনোহরদী থানার পুলিশ গতকাল শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানায়।জবানবন্দি দেওয়া আসামিরা হলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মণ্ডলবুক গ্রামের সাদেক (১৯), জামিল (২২), জামাল (১৯) ও কুমকুম (১৮)।মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিয়া কুতুবুর রহমান চৌধুরী বলেন, গত ১৭ জানুয়ারি কাজ শেষে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বিনুয়াকান্দিতে যাচ্ছিলেন মাছ ব্যবসায়ী আবদুল জব্বার। রাত দশটার দিকে ছয় ডাকাত মনোহরদীর চরমান্দালিয়া এলাকায় আবদুল জব্বারসহ পাঁচ পথচারীকে গাছের সঙ্গে বেঁধে রাখেন। তাঁদের মধ্যে আবদুল জব্বার চাওয়ামাত্র টাকা দিতে রাজি না হওয়ায় ডাকাতেরা তাঁকে ছুরিকাঘাত করে ছয় হাজার টাকা ছিনিয়ে নেয়। এতে মৃত্যু হয় আবদুল জব্বারের। এ ঘটনার পরদিন তাঁর ভাই আশকর আলী থানায় হত্যা মামলা করেন।ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গত মঙ্গল ও বুধবার মনোহরদী থানার পুলিশ নরসিংদী শহর এবং কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুর থেকে ওই চার ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যমতে, ডাকাতি ও হত্যাকাণ্ডে ছিলেন ছয়জন। এখন অন্য দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।