নরসিংদীতে টেলিযোগাযোগমন্ত্রী সমর্থকদের মানববন্ধন
নরসিংদীর রায়পুরায় গতকাল সোমবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর সমর্থকদের মানববন্ধন হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল থেকে মাহমুদাবাদ পর্যন্ত মানববন্ধন চলাকালে লোকমান হত্যা মামলার প্রধান আসামি মন্ত্রীর ভাই সালাহউদ্দিন আহমেদ ও মন্ত্রীর সহকারী একান্ত সচিব মাসুদুর রহমানের বিরুদ্ধে করা মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ উল্লেখ করে তাঁদের নাম প্রত্যাহারের দাবি জানানো হয়। মানববন্ধনের আয়োজন করে রায়পুরা উপজেলা আওয়ামী লীগ।মানববন্ধনে যোগ দিতে আসা লোকজন দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে প্রায় দীর্ঘ ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর সমর্থকেরা সকাল সাড়ে ১০টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মানববন্ধনে অংশ নেন। মরজাল, বারৈচা ও নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় পথসভা করা হয়। এ সময় মন্ত্রীর পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে রাখা হয়। তাঁরা লোকমান হত্যা মামলার প্রধান আসামি মন্ত্রীর ছোট ভাই সালাহউদ্দিন আহমেদ ও এজাহারভুক্ত আসামি মন্ত্রীর এপিএস মাসুদুর রহমানের নাম মামলা থেকে প্রত্যাহারের দাবিসংবলিত বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড বহন করেন।মানববন্ধন চলাকালে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন বলেন, ‘লোকমান হোসেন রায়পুরার ছেলে, মন্ত্রীও রায়পুরার ছেলে। তাঁরা দুজনে একই দলের রাজনীতি করেন। আমরাও আমাদের ছেলে লোকমান হত্যার বিচার চাই। এ হত্যাকাণ্ডে সালাহউদ্দিনের নাম ও মাসুদুর রহমানের নাম এজাহারভুক্ত করা হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে। আমরা রায়পুরাবাসীর পক্ষ থেকে তাঁদের নাম প্রত্যাহারের দাবি জানাচ্ছি। তবে তদন্তে যদি তাঁদের নাম আসে, বিচার হবে।’ মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছেলে রাজিব আহমেদ, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী ভূঞা, সহসভাপতি ও রাধানগর ইউপির চেয়ারম্যান আবদুস সাদেক, সহসভাপতি হাজি আবদুস ছাত্তার প্রমুখ।