নরসিংদীতে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ
নরসিংদীর শিবপুর উপজেলার চৈতন্যা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আজ মঙ্গলবার ট্রাকের চাপায় মুন্নি আক্তার (১৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুন্নি আক্তার চৈতন্যা এলাকার ইসমাইল মিয়ার মেয়ে। সে চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিল মুন্নি। স্কুলের পাশের মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক মুন্নিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মুন্নির লাশ চৈতন্যা বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা রয়েছেন।