নরসিংদীতে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত
নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার চৈতন্যা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় ব্যক্তিরা ট্রাকটিকে আটকিয়ে অগ্নিসংযোগ করে প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে। নিহত স্কুলছাত্রীর নাম মুন্নি আক্তার (১৪)। সে চৈতন্যা বহুমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও একই এলাকার ইসমাঈল হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে চৈতন্যা বহুমুখী উচ্চবিদ্যালয়। গতকাল বেলা তিনটার দিকে বিদ্যালয় ছুটির পর মুন্নি মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন সেটির গতিরোধ করে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে।
চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা বলেন, পরিষদের পক্ষ থেকে মেয়েটির পরিবারকে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।