নরসিংদীতে ট্রাকের ধাক্কায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে একটি ট্রাকের ধাক্কায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার শিবপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার চরদুকুন্দি গ্রামের ছায়েদ আলী (৮০), একই গ্রামের আওয়াল মিয়া (৫০) এবং নেত্রকোনার আটপাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের ফজলুর রহমান (৪৮)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি রডবোঝাই ট্রাক সকাল সাড়ে ছয়টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর এলাকায় ছায়েদ আলীকে প্রথমে ধাক্কা দেয়। পরে ট্রাকটি পেছন দিক থেকে একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে গিয়ে ওই রিকশার আরোহী আওয়াল মিয়া ও ফজলুর রহমান নিহত হন। এ সময় রিকশার অপর আরোহী সানাউল্লাহ মিয়া ও চালক কাজল মিয়া আহত হন। তাঁদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বেলাব থানার উপপরিদর্শক পংকন কুমার মণ্ডল জানান, ট্রাকটি পুলিশ হেফাজতে আছে। তবে চালক ও তাঁর সহযোগী পালিয়ে গেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ছায়েদ আলী ও আওয়াল মিয়ার লাশ স্বজনেরা নিয়ে গেছেন। ফজলুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।