ট্রেনের ইঞ্জিন-বগি লাইনচ্যুত, নতুন লাইনে চলাচল
নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ পূর্বাঞ্চলের সব রুটে রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে নতুন লাইনে রেল চলাচল স্বাভাবিক করা করা হয়।
আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার খানাবাড়ি রেলওয়ে স্টেশনে ট্রেনটি প্রবেশের সময় আউটার সিগন্যাল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত এগারসিন্দুর ট্রেনটি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হোসেন সকালে প্রথম আলোকে বলেন, রেলওয়ে স্টেশনে ঢোকার পথে হঠাৎ ট্রেনটির ইঞ্জিনসহ প্রথম তিনটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার কারণ এখনই বলা যাচ্ছে না।
দুপুরের দিকে মাহবুব বলেন, বেলা পৌনে ১২টার দিকে টঙ্গী-ভৈরব দ্বৈত লাইনের (নতুন) মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে যায়।