নরসিংদীতে ট্রেনের যাত্রাবিরতির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় লোকজন। গতকাল শনিবার দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে কয়েক শ মানুষ অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেওয়া লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নরসিংদীর কয়েক হাজার সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী লোক নিয়মিত ট্রেন ও বাসে করে ঢাকায় যাতায়াত করেন। তাই সবার দাবি, নিরাপদ ভ্রমণের জন্য লোকাল ট্রেনের পাশাপাশি চট্টগ্রামগামী মহানগর প্রভাতী, সিলেটগামী আন্তনগর উপবন বা কালনী এক্সপ্রেস, নোয়াখালীগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন নরসিংদী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করুক। এটা হলে নরসিংদীর বাসিন্দারা অল্প সময়ে নিরাপদে রাজধানীতে যাতায়াত করতে পারেন। মানববন্ধনে তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রেলপথমন্ত্রী মুজিবুল হক ও স্থানীয় সাংসদ পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মহিদুল ইসলাম বলেন, যাত্রাবিরতির দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।