নরসিংদীতে ঠিকাদারকে মারধর
নরসিংদীতে চাঁদা না দেওয়ার জের ধরে যুবলীগের নেতা-কর্মীরা এক ঠিকাদারসহ একজন পুলিশ কর্মকর্তাকে মারধর করেছে। গতকাল শনিবার সকালে জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে দুটি পৃথক মামলা হয়েছে। আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।ঠিকাদারিপ্রতিষ্ঠান মেসার্স সাখাওয়াত এন্টারপ্রাইজের মালিক ও নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন জানান, আমাদের ঠিকাদারিপ্রতিষ্ঠান টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল ২০ কিলোমিটার সড়কের সংস্কারের কাজ পায়। গতকাল আমার ছেলে সাখাওয়াত ও শ্রমিকেরা সেখানে কাজ শুরু করতে যায়। এ সময় ঘোড়াশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি চঞ্চল মিয়ার নেতৃত্বে ১০-১২ জন লোক চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা সাখাওয়াতকে মারধর করে। খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আহসান কবির ঘটনাস্থলে যান। এ সময় তাঁকেও মারধর করা হয়।এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন নরসিংদী-টঙ্গী সড়কের ভাটপাড়া সাকোরিয়া নামক স্থানে সকাল নয়টার দিকে সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চঞ্চলসহ আটজনকে গ্রেপ্তার করে।