নরসিংদীতে তরুণ খুনের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে জায়েদুল খান (২৩) নামের এক তরুণ খুনের ঘটনায় রুবেল মিয়া (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রোববার শহরের গাবতলী থেকে অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
এদিকে গতকাল সকালে নিহত জায়েদুলের বাবা জালাল উদ্দিন সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
জেলা ডিবি পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার বিকেলে শহরের গাবতলী এলাকায় জায়েদুল, জয় আহমেদ ও মিতু আক্তার নামের তিনজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় রুবেলের নেতৃত্বে ১০-১২ জন তরুণ তাঁদের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকাপয়সা কেড়ে নেন। পরে তাঁরা মিতুকে টানাহেঁচড়া শুরু করলে জায়েদুল ও জয় বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় রুবেল ও তাঁর সহযোগীরা তাঁদের কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই জায়েদুলের মৃত্যু হয়। পরে আহত ব্যক্তিদের চিৎকার শুনে আশপাশের লোকজন জয় ও মিতুকে উদ্ধার করেন। জয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ও মিতু নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় গতকাল ভোরে জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল গাফফারের নেতৃত্বে গাবতলী এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল গুলি চালান। পুলিশও পাল্টা গুলি ছুড়লে রুবেল গুলিবিদ্ধ হন। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি গুলিসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআই আবদুল গাফফার বলেন, ‘রুবেলকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ১৮টি মামলা রয়েছে। রুবেল হত্যাকাণ্ডের কারণ বর্ণনা করেছেন। হত্যায় অংশ নেওয়া বাকিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’