নরসিংদীতে তরুণকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী শহরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাহাত মিয়া নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রাহাত মিয়ার (১৮) বাড়ি শহরের দত্তপাড়ায়। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাহাত সন্ধ্যায় নরসিংদী বাজার (বড়বাজার) থেকে বাসায় ফেরার পথে দত্তপাড়ার কাশনীপাড়া মহল্লায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় সাত-আটজন দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রাহাতকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মাহমুদুল কবির বলেন, নিহতের মাথা, ঘাড়ে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, নিহত রাহাত পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে সদর মডেল থানায় অস্ত্র ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।