নরসিংদীতে তরুণকে কুপিয়ে হত্যা
নরসিংদী সদরের বানিয়াছল এলাকায় গত শনিবার রাতে আমান উল্লাহ (২১) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি শহরের রাঙ্গামাটিয়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।পরিবারের লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি আমান বিদেশে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন। শনিবার রাতে পাসপোর্ট-সংক্রান্ত বিষয়ে কথা বলতে তিনি পাশের বানিয়াছলে মামার বাড়িতে যান। রাত সোয়া ১১টার দিকে অজ্ঞাতনামা এক তরুণ তাঁকে মামার বাড়ির পাশে ডেকে নিয়ে যান। সেখানে ওত পেতে থাকা কয়েকজন তরুণ তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তরুণেরা পালিয়ে যান। পরে গুরুতর আহতাবস্থায় আমানকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে ছেলেকে হত্যা করা হয়েছে, তা নির্দিষ্ট করে জানাতে পারেননি আমানের বাবা।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘নিহত আমানের বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। আমরা প্রাথমিক তদন্তে যতটুকু জানতে পেরেছি, আমান মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তাঁর একটি নিজস্ব বাহিনীও রয়েছে। তাই নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্বে তিনি খুন হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আমানের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি।’