নরসিংদীতে তৈরি হচ্ছে ৪০০ প্রতিমা

শিল্পীদের নৈপুণ্যে বেড়েই চলেছে নরসিংদীর মৃৎশিল্পীদের তৈরি প্রতিমার কদর। সৌন্দর্যে আকর্ষণীয় হওয়ায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় চাহিদা বেড়েছে এখানকার প্রতিমার।
আসন্ন দুর্গোৎসব উপলক্ষে প্রায় ৪০০ প্রতিমা তৈরি করছেন নরসিংদীর মৃৎশিল্পীরা; যার বাজারদর প্রায় দুই কোটি টাকা। ষষ্ঠীবোধনীতে দেবী দুর্গাকে পূজামণ্ডপে পৌঁছে দিতে কাজ চলছে দিনরাত। আগামী ৭ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হবে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দুধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
প্রতিমা তৈরির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আগে মৃৎশিল্পীরা তাঁদের বসতবাড়িতে প্রতিমা তৈরি করতেন। গত দুই দশকে নরসিংদীতে প্রতিমা শিল্পালয় গড়ে উঠেছে প্রায় ১৮টি। এর মধ্যে নরসিংদী শহরে ছয়টি, সদর উপজেলার পাঁচদোনায় চারটি, শিবপুরের যোশরে তিনটি, পলাশে দুটি, রায়পুরায় দুটি ও মনোহরদীতে একটি প্রতিমা শিল্পালয় রয়েছে। এতে দেড় শতাধিক লোকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। পাশাপাশি ভারত থেকে আসামৃৎশিল্পীরাও চুক্তিতে এসব প্রতিমা শিল্পালয়ে কাজ করছেন।
এ বছর নরসিংদীর বিভিন্ন কারখানায় ও ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৪০০ প্রতিমা তৈরি হচ্ছে। আকার ও গঠনভেদে একটি প্রতিমার দাম পড়ছে ৩৫ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত। এ বছর নরসিংদীতে তৈরি প্রতিমা ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে পাঠানোর কথা রয়েছে।
নরসিংদীর কয়েকজন মৃৎশিল্পী জানান, দুই বছর আগে প্রতি ট্রলি মাটির দাম ছিল ৮০০ টাকা, এ বছর তা তিন হাজার টাকার বেশি। এবার এক জোড়া বাঁশের দাম ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে। খড়ের দামও দ্বিগুণ হয়েছে। এ ছাড়া রঙের দাম পাউন্ড প্রতি দুই থেকে তিন হাজার টাকা বেড়েছে। বেড়েছে শ্রমিকদের মজুরিও।
শহরের তুর্জয়প্রতিমা শিল্পালয়ের মালিক দুলাল পাল বলেন, ‘প্রতিবছর দুর্গাপূজার বাজেট বাড়লেও পূজার উদ্যোক্তারা প্রতিমার বাড়তি দাম দিতে চান না। তাই ব্যবসা টিকিয়ে রাখতে প্রতিমা তৈরি করলেও আমাদের কাঙ্ক্ষিত লাভ হচ্ছে না।’
প্রতিমা শিল্পালয়গুলো ঘুরে দেখা গেছে, প্রতিমা তৈরির বেশির ভাগ কাজ শেষ। মৃৎশিল্পীরা এখন দেবী দুর্গাকে দৃষ্টিনন্দন করে তুলতে রং-তুলির আঁচড় দিতে পুরোদমে ব্যস্ত সময় পার করছেন। মৃৎশিল্পী নিখিল চন্দ্র পাল বলেন, ‘আমাদের কাজটা মৌসুমকেন্দ্রিক। প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতনে তিন মাসের জন্য চুক্তিতে কাজ করছি।’
জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক সাহা বলেন, মৃৎশিল্পীদের হাতের নৈপুণ্যের ওপর নির্ভর করে প্রতিমার সৌন্দর্য। মানে ভালো ও দামে কম হওয়ায় নরসিংদীর প্রতিমার চাহিদা দেশজুড়ে। অন্য জেলার চেয়ে এখানকার মৃৎশিল্পীদের তৈরি প্রতিমা গঠন ও কারুকার্যে নজরকাড়া।