নরসিংদীর বেলাব থানার হাজত থেকে গত সোমবার রাতে রিপন মিয়া নামে রিমান্ডে থাকা এক আসামি পালিয়ে গেছেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে। রিপনের বিরুদ্ধে বেলাব থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস আলী ও কনস্টেবল আবদুল হাকিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বেলাব থানা সূত্রে জানা গেছে, ৯ সেপ্টেম্বর একটি ডাকাতির ঘটনায় পুলিশ বেলাব থেকে রিপনকে গ্রেপ্তার করে। তিন দিনের রিমান্ডে গত সোমবার তাঁকে থানাহাজতে নেওয়া হয়। সোমবার রাতে রিপন কনস্টেবল আবদুল হাকিমের কাছে এক গ্লাস পানি চান। কনস্টেবল পানি নিয়ে কাছে গেলে রিপন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যান। পুলিশের সদস্যরা সঙ্গে সঙ্গে পিছু ধাওয়া করলেও তাঁকে ধরতে পারেননি।ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘রিপনকে ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে।’নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এজাজ আহমেদ বলেন, কর্তব্যে অবহেলার কারণে ঘটনার দিনের দায়িত্বরত কর্মকর্তা আব্বাস ও কনস্টেবল হাকিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওসির দায়িত্বে অবহেলা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।