নরসিংদীতে থার্মেক্স গ্রুপের টাকা লুটের ঘটনায় আটক ৩
নরসিংদীর শিবপুরে থার্মেক্স গ্রুপের কর্মকর্তাকে গুলি করে ৫৯ লাখ টাকা লুটের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার জেলার শিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন শিবপুর উপজেলার পোড়ানদিয়া গ্রামের নাদিরুজ্জামান ভূঁইয়া ওরফে মিঠু, পাড়ানদিয়ার জামতলা এলাকার নাসির উদ্দিন ভূঁইয়া এবং একই উপজেলার সোনাইমুড়ী এলাকার কুন্তালপাড়ার সোহরাব ওরফে জুয়েল।শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান মজুমদার জানান, টাকা লুটের ঘটনায় থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপক (সমন্বয়) জয়নাল আবেদীন বৃহস্পতিবারই শিবপুর থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। তাঁদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।গত বৃহস্পতিবার থার্মেক্স গ্রুপের একটি কারখানার শ্রমিকদের বেতনের টাকা নিয়ে যাওয়ার সময় শিবপুরের বান্দারদিয়া এলাকায় গাড়ির গতি রোধ করে সন্ত্রাসীরা। গাড়িতে থাকা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জাহিদ হোসেনকে গুলি করে ৫৯ লাখ টাকা নিয়ে যায় সন্ত্রাসীরা।