নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর চরাঞ্চলে বিএনপি ও আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় আওয়ামী লীগের নেতা জমির আলী (৫৫) নিহত ও ১০ জন আহত হয়েছেন। চর দীঘলদীর অনন্তরামপুর গ্রামে রোববার গভীর রাতে ওই সংঘর্ষ হয়। জমির আলী সদর উপজেলার চর দীঘলদী ইউনিয়নের ওয়ার্ড কমিটির সাবেক সাধারণ সম্পাদক। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনন্তরামপুর গ্রামের বিএনপি-সমর্থক খসরু মিয়া ও আওয়ামী লীগ-সমর্থক ফরহাদ মিয়া পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। বিএনপি-সমর্থক খসরু মিয়ার লোকজন ফরহাদ মিয়ার সমর্থক জমির আলীর বাড়িতে রোববার রাতে সশস্ত্র হামলা চালায়। একপর্যায়ে জমির আলী ঘটনাস্থলেই নিহত হন। জমির আলীকে রক্ষা করতে গিয়ে আহত হন তাঁর স্ত্রী মনোয়ারা বেগমসহ কমপক্ষে ১০ জন।