নরসিংদীতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর শিবপুরে বিসিক শিল্প নগরী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে আজ বুধবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুটি বাসেই আগুন ধরে যায়। ছবি: মনিরুজ্জামান
নরসিংদীর শিবপুরে বিসিক শিল্প নগরী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে আজ বুধবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুটি বাসেই আগুন ধরে যায়। ছবি: মনিরুজ্জামান

নরসিংদীর শিবপুর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় একটি বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে দুটি বাসেই আগুন ধরে যায়।

এ দুর্ঘটনায় ছয়জন ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন ৫০ জন।

নিহতদের মধ্যে তাত্ক্ষণিকভাবে তিন জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার শাহনাজ বেগম (২৬), নরসিংদীর চরমধুয়া গ্রামের চাঁন মিয়া (৪৫) ও নূরজাহান বেগম (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বেপরোয়া গতিতে চলছিল। বাসটি বিসিক শিল্প নগরী এলাকায় পৌঁছালে সিএনজিচালিত একটি অটোরিকশাকে পাশ করানোর সময় বিপরীত দিক থেকে আসা মেঘালয় পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে দুটি বাসেই আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যান। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে দূরপাল্লার বাস যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ছয়টার দিকে দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ধীর গতিতে যান চলাচল করছিল। এতে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে নরসিংদী পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান নরসিংদী জেলা হাসপাতালে হতাহতদের দেখতে যান। এ সময় তিনি সাংবাদিকদের ছয়জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, আহতদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।