নরসিংদীতে দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বেলাব উপজেলার গকুলনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
গতকাল বুধবার বিকেল চারটার দিকে উপজেলার নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গতকাল সকালে বাসের চাপায় মো. মুজাহিদ (২০) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পুরানাঘাট এলাকায়।
মুঠোফোনে রাত সোয়া নয়টার দিকে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম প্রথম আলোকে বলেন, দুটি বাসের সংঘর্ষে নিহত ব্যক্তিরা হলেন চলনবিল পরিবহনের বাসের চালক গাজীপুরের কালিয়াকৈরের মো. জনি (৩৫)। চালকের সহকারী টাঙ্গাইলের মো. আনোয়ার হোসেন (২৭)। বেলাব উপজেলার আমলাব গ্রামের ফুলবানু (৫৫), তাঁর মেয়ে শিরিনা আক্তার (২২)।
অন্য এক ব্যক্তির (৩৫) পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও বলেন, দুমড়ে-মুচড়ে যাওয়া বাস দুটি জব্দ করে পুলিশ হেফাজতে আনা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভৈরব থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নারায়ণপুরের গকুলনগর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী যাত্রীবাহী আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটো বাসই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক নারীসহ তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরেকজন নারীসহ দুজনের।
আহত ব্যক্তিদের ভৈরবের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেরানীগঞ্জ: ঢাকা-মাওয়া মহাসড়কে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় গতকাল সকাল সাড়ে আটটার দিকে ঢাকাগামী বিআরটিসির একটি বাস ইটভাটা শ্রমিক মুজাহিদকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত মুজাহিদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ স্বজনদের হাতে তুলে দেয় পুলিশ।