নরসিংদীতে দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বেলাব উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চালক কাজল মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নরসিংদী জেলা ও দায়রা জজ মো. শফিকুল করিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন শাহীন মিয়া (৩৬) ও মো. আলী হোসেন (২৫)।
বেকসুর খালাস পাওয়া ব্যক্তির নাম আক্তার হোসেন (৩৫)।
বেলাব উপজেলার রমজান আলীর ছেলে কাজলকে গত বছরের ২০ জানুয়ারি পূর্বপরিকল্পিতভাবে পিটিয়ে আহত ও পরে জবাই করে হত্যা করা হয়।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, অটোরিকশা চালানোর পাশাপাশি আসামি শাহীনের সঙ্গে বিদেশে লোক পাঠানোর কাজ করতেন কাজল। হত্যাকাণ্ডের পাঁচ মাস আগে আলী ও আক্তার কাতার যাওয়ার জন্য কাজলের মাধ্যমে শাহীনকে দুই লাখ ১০ হাজার টাকা দেন। কিন্তু সময়মতো কাতার পাঠাতে ব্যর্থ হওয়ায় আলী ও আক্তারের স্বজনেরা কাজলকে চাপ দেন। কাজল চাপ দেন শাহীনকে। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর ধারাবাহিকতায় শাহীন অন্যদের সঙ্গে মিলে কাজলকে হত্যার পরিকল্পনা করেন। গত বছরের ২০ জানুয়ারি রাত আটটার দিকে শাহীন ও আলী মুঠোফোনে কাজলকে ডেকে নিয়ে যান। রাত ১০টার দিকে তাঁকে পিটিয়ে ও জবাই করে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই গোলাপ মিয়া বাদী হয়ে শাহীন, আক্তার ও আলীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। শাহীন ও আলী আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। মামলায় ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় দেন আদালত।
আদালতে মামলার বাদী গোলাপ মিয়া বলেন, ‘আমি রায়ে সন্তুষ্ট।’