নরসিংদীতে দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে শফিকুল ইসলাম ওরফে রাসেল (২২) নামের এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার সকালে শহরের নাগরিয়াকান্দি এলাকায় ইউএমসি পাটকলের পশ্চিম পাশের একটি নর্দমা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
শফিকুল শহরের সাটিরপাড়া এলাকার ধন মিয়ার ছেলে। তিনি চৌয়ালা এলাকার মমিন টেক্সটাইলে শ্রমিকের কাজ করতেন। প্রেমঘটিত কারণে গত শনিবার গভীর রাতের কোনো একসময় শফিকুলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় শফিকুলের বড় ভাই সাইফুল ইসলাম নরসিংদী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুমিনুর রহমান প্রথম আলোকে বলেন, শফিকুলের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
অপরদিকে গতকাল সকালে পলাশ উপজেলার কাজৈর গ্রাম থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পলাশ থানার ওসি মামুনুর রশীদ মণ্ডল।