নরসিংদীতে দুর্বৃত্তদের হাতে কলেজছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে সুজন মিয়া (২০) নামের এক কলেজছাত্রকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন দড়িপাড়া গ্রামের রওশন আলীর ছেলে। তিন ভাই, দুই বোনের মধ্যে সুজন সবার ছোট। তিনি নরসিংদী সরকারি কলেজে সম্মান প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুজন মিয়া ও মাছুম মিয়া দুজন বন্ধু। দুজনে নরসিংদী সরকারি কলেজে এবার মানবিক বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সম্মান শ্রেণীতে ভর্তি হয়েছেন। মাছুম পার্শ্ববর্তী রাজারদী গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাছুম সুজনের বাড়িতে গিয়ে তাঁকে সঙ্গে নিয়ে স্থানীয় চরনগর্দী বাজারে যান। রাত আটটার দিকে দুজন বাজার থেকে ফেরার পথে সুজনকে বাড়ির কাছাকাছি পৌঁছে দেন মাছুম। কিন্তু সুজন আর বাড়ি ফেরেননি। গতকাল রোববার সকালে বাড়ির পার্শ্ববর্তী রেললাইনের পাশে কলাবাগানে সুজনের গলাকাটা লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। নিহত সুজনের বন্ধু মাছুম মিয়া বলেন, ‘কয়েক দিন আগে সুজন উত্তর শীলমান্দি এলাকার স্বপন শীলের ছেলে সঞ্জয় শীলের কাছ থেকে একটি মোবাইল ফোনসেট কিনেছিল। এক সপ্তাহ আগে সঞ্জয়ের সঙ্গে মোবাইল কেনার টাকা নিয়ে সুজনের কথা-কাটাকাটি হয়েছিল। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমরা যখন বাজারে, তখন সঞ্জয়ের সঙ্গে একটি অপরিচিত লোক ছিল। সুজন বাড়িতে যাবে কি না জিজ্ঞেসা করেছিল। তখন সুজন বলেছিল, পরে যাব। আমি রাত পৌনে আটটার দিকে সুজনের বাড়ির কাছাকাছি পৌঁছালে আমাকে বলল, তুই চলে যা, আমি যেতে পারব। পরে আমি চলে এলাম। আজ (রোববার) সকালে শুনি সুজন খুন হয়েছে।’