নরসিংদীতে ধর্ষণ ও হত্যার দায়ে তরুণের ফাঁসি
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে কিরণ মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহাম্মদ এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া কিরণ মিয়া জেলার মনোহরদী উপজেলার কাহাতেরগাঁও এলাকার আলাল মিয়ার ছেলে। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, কাহাতেরগাঁও এলাকার কিরণ মিয়া একই এলাকার আবদুল আওয়ালের মেয়ে রহিমা বেগমকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু আবদুল আওয়াল বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হন কিরণ মিয়া। তিনি বিভিন্ন সময় রহিমার পরিবারের সদস্যদের দেখে নেওয়ার হুমকি দেন। ২০১৫ সালের ৩ জানুয়ারি সন্ধ্যায় রহিমা পাশের বাড়িতে টিভি দেখতে যায়। রাত সাড়ে আটটায়ও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরের দিন সকালে স্থানীয় হোসেন মিয়ার সবজিখেতে রহিমার লাশ পাওয়া যায়। এ ঘটনায় কিরণ মিয়াকে আসামি করে মনোহরদী মডেল থানায় মামলা করেন আবদুল আওয়াল।
এ মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল কিরণ মিয়াকে দোষী সাব্যস্ত করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন আদালত।
ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি শরীফুল ইসলাম চৌধুরী জানান, কিরণ মিয়া চাইলে রায় ঘোষণার সাত কার্যদিবসের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।