নরসিংদীতে ধর্ষণের দায়ে পাঁচ আসামির যাবজ্জীবন
নরসিংদীতে একটি ধর্ষণ মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহাম্মদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো নরসিংদী সদর উপজেলার দাসপাড়া গ্রামের শাহ আলম (১৮), সবুজ মিয়া (১৮), রমজান আলী (১৮), মোবারক হোসেন ওরফে মোকারম (১৮) ও রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা গ্রামের জাহিদুল ইসলাম ওরফে স্বপন (১৮)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১ জানুয়ারি সন্ধ্যায় রান্না করে দেওয়ার কথা বলে সদর উপজেলার দাসপাড়া গ্রামের এক কিশোরীকে (১৪) একই এলাকার শাহ আলমের বাসায় ডেকে নিয়ে যায় সবুজ মিয়া। সেখানে ওই কিশোরীকে আটক রেখে আসামিরা তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে পরদিন নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা করেন।