নরসিংদীতে ধানখেত থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের একটি ধানখেত থেকে গত সোমবার এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত অটোরিকশা চালকের নাম তাইজ উদ্দিন খান (৩৮)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের হাসান আলী খানের ছেলে। এ ঘটনায় পুলিশ গতকাল মঙ্গলবার সকালে লেবুতলা ইউনিয়নের তারাকান্দি গ্রামের ইব্রাহিম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাইজ উদ্দিনের অটোরিকশাটি উদ্ধার করেছে। এ ব্যাপারে তাইজ উদ্দিনের জামাতা শামিম হাসান গতকাল মনোহরদী থানায় অটোরিকশা ছিনতাই ও হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল সদর উপজেলার চিনিশপুর মহল্লার আবদুর রহিম (২৮), খোরশেদ আলম (৩০) ও মাসুম মিয়াকে (২৮) আটক করেছে পুলিশ।এলাকাবাসী জানায়, সোমবার সকাল ১০টার দিকে একটি ধানের জমিতে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। পুলিশ এসে তাইজ উদ্দিনের পকেট থেকে অটোরিকশা চালকের পরিচয়পত্র উদ্ধার করে। নিহতের স্ত্রীর ভাই আক্তার হোসেন জানান, প্রতিদিনের মতো তাইজ উদ্দিন রোববার সকাল নয়টার দিকে অটোরিকশা নিয়ে ঘর থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। কী কারণে তাইজ উদ্দিন খুন হয়েছেন, তা তিনি জানেন না বলে জানান। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা জ্যেষ্ঠ উপপরিদর্শক (এসআই) লুত্ফর রহমান প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাইজ উদ্দিনকে খুন করে হাত-পা বেঁধে লাশ জমিতে ফেলে রাখে। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে খুন হয়েছে কি না, তা এখনো পরিষ্কার নয়। এ ঘটনায় আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।