নরসিংদীতে নদী ও ডোবায় পড়ে চার শিশুর মৃত্যু
নরসিংদীতে গতকাল শুক্রবার পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে একসঙ্গে নদীতে ডুবে তিনজন এবং সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামে আরেকজন মারা যায়। চরপাড়ায় মারা যাওয়া তিন শিশু হলো আমজাদ ভূঁইয়ার ছেলে ইয়াসিন (৮), হাবিব ভূঁইয়ার মেয়ে মুন্নী (১০) ও আলী নেওয়াজ মিয়ার মেয়ে রাবেয়া (৮)। এদের মধ্যে মুন্নী ও ইয়াসিন চাচাতো ভাইবোন। আখালিয়া গ্রামে মারা যায় আবু তালেবের ছেলে আবদুল্লাহ (৩)। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুরে মুন্নী, ইয়াসিন, রাবেয়া ও হামজা নামের আরেক শিশু ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। তাদের আশপাশে বয়স্ক কেউ ছিল না। পানিতে নামার পর হামজা (৬) ছাড়া বাকি তিনজন ডুবে যায়। হামজা বিষয়টি বুঝতে পেরে দৌড়ে বাড়িতে গিয়ে সবাইকে খবর দেয়। বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে। তবে তারা কেউই জীবিত ছিল না। মুন্নী ও ইয়াসিনের চাচা আবুল হোসেন জানান, স্থানীয় দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুন্নী পঞ্চম শ্রেণীতে এবং ইয়াসিন ও রাবেয়া চতুর্থ শ্রেণীতে পড়ত। তাদের মৃত্যুতে পুরো গ্রামে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। মৃতদেহ দেখতে শত শত মানুষ জড়ো হয় তাদের বাড়িতে। স্বজনদের বুকফাটা কান্নায় প্রতিবেশীরাও চোখের পানি ধরে রাখতে পারেননি। পৃথক ঘটনায় বাড়ির পাশের ডোবায় পড়ে মারা যায় আবদুল্লাহ। পরিবারের সদস্যরা জানান, আবদুল্লাহকে ঘরে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবায় তার মৃতদেহ ভাসতে দেখা যায়। তবে কীভাবে সে ডোবার কাছে গেল, পরিবারের কেউ তা বলতে পারেনি। এ ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।