নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী শহর থেকে নিখোঁজের তিন দিন পর মেঘনা নদী থেকে প্রদীপ দাস (২২) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বেঙ্গল মাদ্রাসাসংলগ্ন নদীতীরে তাঁর লাশ পাওয়া যায়।
প্রদীপ দাসের বাড়ি নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায়। তিনি নরসিংদী সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের (বাণিজ্য) ছাত্র ছিলেন।
নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ জানায়, প্রদীপ দাস লেখাপড়ার পাশাপাশি দ্য ন্যাশনাল মাল্টিপারপাস নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত বুধবার বিকেল ছয়টার দিকে পশ্চিম দত্তপাড়া এলাকার মাছুম মিয়া (২২) নামের এক ব্যক্তি তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এর পর থেকে প্রদীপ নিখোঁজ ছিলেন। তাঁর মুঠোফোনও ছিল বন্ধ। এ ঘটনায় রাতেই অনুকূল দাস নরসিংদী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিহতের খালাতো ভাই উত্তম পোদ্দার প্রথম আলোকে বলেন, ‘আমি যত দূর জানতে পেরেছি মাছুমের সঙ্গে প্রদীপের প্রেমঘটিত বিষয় নিয়ে সামান্য বিরোধ রয়েছে।’ তিনি বলেন, ‘কী কারণে কারা প্রদীপকে হত্যা করেছে, সেটা বলতে পারছি না।’
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রদীপের বাবার করা জিডি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে। তিনি বলেন, প্রেমঘটিত কারণে নাকি অন্য কোনো কারণে প্রদীপকে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাছুমকে আটক করা হয়েছে।