নরসিংদীতে পাঁচ দফা দাবিতে সার কারখানা শ্রমিকদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ দফা দাবিতে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ও পলাশ সার কারখানার শ্রমিকেরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কুশপুত্তলিকা দাহ করেছেন।কারখানা দুটির শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে জড়ো হন। পরে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে তাঁদের দাবিসংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।দাবিগুলো হলো: ১ জুলাই ২০০৯ থেকে কার্যকর করার শর্তে ডিসেম্বর ২০১১-এর মধ্যে জাতীয় মজুরি স্কেল ঘোষণা ও বাস্তবায়ন, ইস্পাত প্রকৌশল সংস্থার মতো বিসিআইসির বিভিন্ন কারখানায় কর্মরত এমও/এমটিদের পে স্কেলে আত্তীকরণ, নির্ভরশীলদের স্থায়ী চাকরিতে নিয়োগ, সরকারি নীতিমালা অনুযায়ী টিএসপি ও ডিএপি কারখানায় ভর্তুকির টাকা আদায় এবং বিআইএসএফের আধুনিকায়ন।