নরসিংদীতে পাটকলে আগুন, আহত ৫
নরসিংদী সদর উপজেলার মহিষাশুরা ইউনিয়নের আহমেদনগরে গতকাল শুক্রবার একটি পাটকলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছে। আগুনের ঘটনায় প্রায় এক কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে স্কাইল্যান্ড অ্যান্ড ফ্যাম প্রাইভেট লিমিটেড (জুট অ্যান্ড ডাইভারসিফিকেশন মিল্স) নামের ওই পাটকলে জুমার নামাজের জন্য বিরতি দেওয়া হয়। শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা নামাজ শেষে বেলা দুইটার দিকে পাটকলে ফিরে দেখেন, এর ফিনিশিং বিভাগে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই আগুন পার্শ্ববর্তী পাটবোঝাই গুদামসহ ব্যাচিং বিভাগেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী সদর ও মধাবদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুন নেভাতে গিয়ে কারখানার পাঁচজন শ্রমিক আহত হন।পাটকলের মহব্যবস্থাপক কবিরুল ইসলাম দাবি করেন, আগুনের ঘটনায় প্রায় এক কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আগুনের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।