নরসিংদীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
নরসিংদীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা একটার দিকে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের কান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো: সদর কান্দাইল গ্রামের সাদেকুর রহমানের মেয়ে তানিয়া বেগম (৬), একই গ্রামের আল-আমিনের ছেলে সাব্বির মিয়া (৫) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাহাঙ্গীর হোসেনের মেয়ে তানিশা আক্তার (৫)। পুলিশ ও নিহত শিশুদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তানিয়া, সাব্বির ও মামার বাড়িতে বেড়াতে আসা তানিশা গতকাল দুপুরে বাড়ির পাশের ডোবার কাছে খেলতে যায়। খেলার একপর্যায়ে তারা ডোবায় পড়ে যায়। সাঁতার না জানায় তারা ডুবে যায়। এদিকে শিশুদের না পেয়ে তাদের স্বজনেরা খুঁজতে শুরু করেন। বেলা একটার দিকে তাঁরা ডোবায় তিন শিশুর লাশ ভাসতে দেখেন।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূঁইয়া জানান, মৃত শিশুদের মধ্যে তানিয়া ও সাব্বির চাচাতো ভাইবোন এবং তানিশা আক্তার তাদের ফুফাতো বোন।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।