নরসিংদীতে পুকুর থেকে ভাতিজার লাশ উদ্ধার, চাচী গ্রেপ্তার
নরসিংদীর বেলাব উপজেলায় বাড়ির পাশের একটি পুকুর থেকে পরশ নামের পাঁচ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যার অভিযোগে তার চাচীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নারীর নাম রীতা আক্তার (২৮)। এলাকাবাসী ও পুলিশ জানায়, চর উজিলাব গ্রামের হারুন মিয়ার ছেলে পরশকে সঙ্গে নিয়ে সকাল ৭টার দিকে তার চাচী রীতা আক্তার বাড়ি থেকে বের হন। পরে রীতা বাসায় ফিরে আসলেও তিনি পরশকে সঙ্গে আনেন নি। অনেক খোজাখুজির পর দুপুর বারোটার দিকে বাড়ির পাশে একটি পুকুরে পরশের লাশ পাওয়া যায়। এ সময় বাড়ির লোকজন রীতাকে খুঁজে না পেয়ে তাঁকে হত্যাকারী হিসেবে সন্দেহ করে। রীতার অনুসন্ধানে বের হয়ে তারা বারৈচা বাসষ্ট্যান্ড এলাকায় তাকে দেখতে পায়। এলাকাবাসী বলেছে, রীতা কাপড়চোপড়সহ বাসে উঠে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। সেখান থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। নিহতের বাবা হারুন মিয়া বলেন, ‘আমার দুই মেয়ে এক ছেলে। আর আমার ছোট ভাইয়ের শুধু দুই মেয়ে। আমাদের পরিবারে পরশই একমাত্র ছেলে সন্তান। কি কারণে তাকে হত্যা করা হলো বুঝতে পারছিনা।’ বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ বলেন, পারিবারিক কলহের জের ধরে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হারুন মিয়া বাদী হয়ে বেলাব থানায় হত্যা মামলা করেছেন।