নরসিংদীতে পুলিশ ও সন্ত্রাসীর গুলিবিনিময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গতকাল মঙ্গলবার ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবিনিময় হয়েছে। এতে অতিরিক্ত পুলিশ সুপারসহ দুজন আহত হয়েছেন। এ সময় এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাকের নেতৃত্বে একদল পুলিশ শহরের পশ্চিম দত্তপাড়া এলাকার মিতালী সিনেমা হলের পেছনে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসী-পুলিশের মধ্যে গুলিবিনিময় হয়। সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়ে। পরে পাল্টাপাল্টিভাবে পুলিশ দুটি গুলি ছোড়ে। এ ঘটনায় বিজয় বসাক ও একজন পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশ তাসিন মিয়া (২৪) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে দুটি গুলিসহ একটি বিদেশি পিস্তল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, তাসিনের বিরুদ্ধে একটি অস্ত্র আইনে ও একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।