নরসিংদীর শিবপুর উপজেলায় পুলিশের সঙ্গে ডাকাতদের গুলিবিনিময়ের সময় এক পুলিশ কর্মকর্তাসহ চার পুলিশ ও এক ডাকাত আহত হয়েছেন। গতকাল শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সৃষ্টিগড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন শিবপুর থানার কনস্টেবল সাখাওয়াত হোসেন, এমদাদ হোসেন ও খায়রুল কবির। তাঁদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুলিবিদ্ধ সাখাওয়াত হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় বিল্লাল হোসেন (২৮) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিল্লাল হোসেনের কাছ থেকে রামদা, ছুরা ও চাপাতি উদ্ধার করা হয়েছে। পরে বিল্লালের দেওয়া তথ্যমতে রিপন মিয়া ও আল আমীন নামে তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, গতকাল ভোর চারটার দিকে নরসিংদীর বেলাব উপজেলা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে আট ব্যক্তি শিবপুর উপজেলার শ্বাষপুর গ্রামে যাচ্ছিলেন। অটোরিকশাটি সৃষ্টিগড় এলাকায় পৌঁছামাত্র ৮-১০ জনের একটি ডাকাত দল অটোরিকশাটির গতিরোধ করে ডাকাতি শুরু করে। এ সময় ডাকাতি প্রতিরোধে পুলিশের একটি টহল দল এগিয়ে আসে। এতে ডাকাতেরা আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে উপপরিদর্শক (এসআই) বদরুল আমিনসহ পুলিশের চার সদস্য আহত হন। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও পুলিশের ওপর হামলার অভিযোগে তিনটি পৃথক মামলা হয়েছে।