নরসিংদীতে পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৩
নরসিংদীতে দুই কর্মকর্তাসহ পুলিশের চার সদস্যকে পিটিয়ে আহত করে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। গত বুধবার বিকেলে জেলার বেলাব উপজেলার চরবেলাব গ্রামে এ ঘটনা ঘটে।আহত পুলিশ সদস্যরা হলেন বেলাব থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান কবীর, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসিম আহমেদ, কনস্টেবল নুরুল ইসলাম ও আফসার হোসেন।পুলিশ সূত্রে জানা গেছে, ছিনিয়ে নেওয়া ওই আসামির নাম কাজল মিয়া (৩২)। তিনি জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনির হত্যাসহ কমপক্ষে ১৫টি মামলার পলাতক আসামি। এ ঘটনায় মামলা হলে গতকাল শুক্রবার পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বেলাব থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার নিলক্ষা গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে কাজলকে গ্রেপ্তার করা হয়। হাতকড়া পরিয়ে থানায় আনার পথে চরবেলাব গ্রামে পৌঁছালে কাজলের শ্বশুর আলী আকবরের নেতৃত্বে শতাধিক লোকজন পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশকে পিটিয়ে কাজলকে ছিনিয়ে নিয়ে যায়।