নরসিংদীতে পুলিশের গুলিতে আরেক পুলিশ সদস্য গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে এক পুলিশ কনস্টেবলের রাইফেল থেকে অসাবধানতাবশত বের হওয়া গুলিতে নাজমুল হোসেন নামে অপর এক কনস্টেবল বিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ নাজমুল হোসেনকে পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের ভেলানগর এলাকায় এ ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে কনস্টেবল লায়েছকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।নরসিংদী সদর মডেল থানার পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবারও সন্ধ্যার পর পুলিশের একটি দল শহরে টহল দিচ্ছিল। রাত আড়াইটার দিকে শহরের ভেলানগর এলাকার মানিক সড়কে টহল দেওয়ার সময় লায়েছ মিয়ার রাইফেলে ত্রুটি দেখা দেয়। লায়েছ মিয়া নিজেই ত্রুটি সারার চেষ্টা করছিলেন। আকস্মিক তাঁর রাইফেল থেকে একটি গুলি বের হয়ে নাজমুল হোসেনের গায়ে বিদ্ধ হয়। নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া জানান, প্রকৃত ঘটনা জানতে অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হাসানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।