নরসিংদীতে পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে গতকাল রোববার পুলিশের নির্যাতনে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবকের নাম শরিফুল ইসলাম (১৭)। সে শহরের কাউরিয়াপাড়ার নাজিম উদ্দিনের ছেলে। তবে পুলিশ বলেছে, ছিনতাই করতে গিয়ে জনতার পিটুনিতে শরিফুলের মৃত্যু হয়েছে।সদর মডেল থানা পুলিশ জানায়, গত শনিবার রাতে শহরের মধ্যকান্দায় স্থানীয় উত্তম কুমার সূত্রধরের স্ত্রী ও মেয়ে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা উত্তম কুমারের মেয়ের গলা থেকে সোনার চেইন নিয়ে পালানোর চেষ্টা করলে লোকজন তাদের ধাওয়া করে। এই সময় শরিফুল জনতার হাতে ধরা পড়ে। জনতা তাকে এলোপাথাড়ি মারধর করে পুলিশকে খবর দেয়। নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত ঘটনাস্থলে পৌঁছে শরিফুলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নরসিংদী সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়। গতকাল সকালে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে পাঁচদোনা এলাকায় তার মৃত্যু হয়।শরিফুলের লাশ বাড়িতে নিয়ে যাওয়া হলে এলাকাবাসী প্রতিবাদে মিছিল করে। নিহত শরিফুলের পরিবার ও এলাকাবাসীর দাবি, শরিফুল ছিনতাইকারী নয়। সে পুলিশি নির্যাতনে মারা গেছে। শরিফুলের মা ফাতেমা আক্তার অভিযোগ করেন, ‘খবর পেয়ে শনিবার রাতেই আমরা থানায় যাই। সেখানে গিয়ে দেখি, পুলিশ আমার ছেলের ওপর বুট জুতা দিয়ে লাথি মারছে।’ নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, জনতার পিটুনির কারণেই শরিফুলের মৃত্যু হয়েছে ।ছিনতাইয়ের ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে।