নরসিংদীতে পুলিশের সঙ্গে জামায়াতের সংঘর্ষে আহত ৩৮, আটক ৩২
নরসিংদী শহরের পুরাতন ডাকঘর এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও সমর্থকদের সংঘর্ষ হয়েছে।এ সময় পুলিশের লাঠিপেটায় জেলা জামায়াতের আমির আ ফ ম আবদুস সাত্তার, ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার সেক্রেটারি আবুল হোসেনসহ দলের অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। অন্যদিকে জামায়াত-সমর্থকদের ইটের আঘাতে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন, বিপ্লব কুমার দত্তসহ পুলিশের আট সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল মালেকসহ ৩২ নেতা-কর্মীকে আটক করেছে।পুলিশ ও জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেল পাঁচটার দিকে জেলা জামায়াতের আমির আবদুস সাত্তারের নেতৃত্বে শহরের ব্রাহ্মন্দী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক অতিক্রম শেষে পুরাতন ডাকঘর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শুরুর কিছু সময় পর পুলিশ দুই দিক থেকে জামায়াতের নেতা-কর্মীদের লাঠিপেটা করে ধাওয়া দেয়। জামায়াতের নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। উভয় পক্ষে প্রায় আধঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশের মারমুখী ভূমিকায় অনেক নেতা-কর্মী পিছু হটে। আবার কিছু কর্মী এগিয়ে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে।জেলা জামায়াতের নির্বাহী কমিটির সদস্য মকবুল হোসেন জানান, শান্তিপূর্ণ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করার সময় পুলিশ বিনা উসকানিতে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে আমাদের ৩০ নেতা-কর্মী আহত হন। তাঁদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, জামায়াতের নেতা-কর্মীরা মিছিল-সমাবেশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। এতে পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের আট সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৩২ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা করা হচ্ছে।