নরসিংদীতে পৃথক ঘটনায় গণপিটুনিতে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে ডাকাতি ও ছিনতাইয়ের সময় পৃথক ঘটনায় গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ পৃথকভাবে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।গতকাল বৃহস্পতিবার রাত আটটায় জেলার শিবপুর উপজেলার বুরবুরিয়া গ্রামে এবং সাড়ে আটটায় সদর উপজেলার বাদুয়ারচর গ্রামে এসব ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, বীরপুর এলাকার সুমন মিয়া (১৮) ও সদর উপজেলার আমিরাবাদ এলাকার শামসু মিয়ার ছেলে আমির হোসেন (২০)।আটক হওয়া ব্যক্তিরা হলেন: চর দীঘলদী এলাকার আহাম্মদ আলী (২৫), হাসনাবাদ এলাকার জয় দীপ (১৮), বীরপুর এলাকার মিদুল হোসেন (১৬), পাড়াতলী এলাকার আজিজ মিয়া (২০)। তাঁদের বাদুয়ারচর এলাকা থেকে আটক করে নরসিংদী সদর মডেল থানার পুলিশ।শিবপুর থানার ওসি মকবুল হোসেন মোল্লা জানান, রাত আটটার দিকে তিন ছিনতাইকারী বীরপুর থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া করে শিবপুরের বাদুয়ারচর গ্রামে যায়। ইজিবাইকটি স্থানীয় আবদুল মান্নান ভূঁইয়া ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা অটোরিকশার চালককে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মুঠোফোন ও ইজিবাইকটি লুটে নেয়। এ সময় ইজিবাইকের চালকের চিৎকারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের ধরে গণপিটুনি দিলে তিন ছিনতাইকারী গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত ছিনতাইকারীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ছিনতাইকারী সুমন মিয়ার মৃত্যু হয়।অপরদিকে নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম আহমেদ জানান, রাত সাড়ে আটটার দিকে নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচরে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী পাঁচ ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই আমির হোসেন (২০) নামের এক ডাকাতের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চার ডাকাতকে আটক করেছে। আমির হোসেনের লাশ নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।